শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সোহাগ হোসেন (৩৮) এবং বিপ্লব আহাম্মদ (৩৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) তাদেরকে যশোর আদালতে প্রেরণ করেছে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তার সোহাগ হোসেন শার্শা থানার কায়বা ইউনিয়নের ভবানীপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে এবং বিপ্লব আহাম্মদ নিজামপুর ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সোহাগ হোসেন কায়বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং বিপ্লব আহাম্মদ নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ভবানীপুর (পূর্বপাড়া) এলাকা থেকে সোহাগ হোসেনকে গ্রেপ্তার করেন। অন্যদিকে রবিবার সকাল ৭টা ২৬ মিনিটের দিকে কন্দর্পপুর এলাকা থেকে বিপ্লব আহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই শার্শা থানার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় দায়ের করা মামলা নম্বর ২৩-এর সন্দিগ্ধ আসামি। মামলাটি ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর দায়ের করা হয়। এর জিআর নম্বর ৩০২। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার দুজনকে রবিবার যথাযথ পুলিশি পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।