মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলা দরগাহপুর ইউনিয়ন ও খুলনার পাইকগাছা উপজেলার রাড়ূলী ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত বাঁকা সেতুটির বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা বাঁকা সেতুটির স্থায়ী সমাধান বা পুনর্র্নিমাণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঝুঁকি বিবেচনায় ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও সেতুর সংযোগ সড়কের একাংশ ভেঙে যাওয়া এবং পাশের মাটি ধসে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে দুই জেলার হাজার হাজার মানুষ চরম আতঙ্ক, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও যাতায়াত দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন সাতক্ষীরা ও খুলনার পাইকগাছা উপজেলার অসংখ্য মানুষ গুরুত্বপূর্ণ এই বাঁকা সেতু দিয়ে যাতায়াত করেন। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও অসুস্থ্য রোগীসহ নানা শ্রেণি-পেশার মানুষের চলাচলের অন্যতম প্রধান ভরসা এটি। বিশেষ করে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ২৪টি গ্রামের বাসিন্দাদের খুলনা কিংবা পাইকগাছায় যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁকা সেতু। অন্যদিকে পাইকগাছার রাড়ূলী ইউনিয়নের বহু শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পার হয়ে দরগাপুর কলেজে যাতায়াত করে। এছাড়া খুলনা শহরের দূরত্ব তুলনামূলক বেশি হওয়ায় উন্নত চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে পাইকগাছার বাসিন্দাদের একটি বড় অংশকে এই সেতুর ওপর দিয়েই সাতক্ষীরার দিকে যেতে হয়। ?দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে কোনোরকমে টিকে থাকা সেতুটির সংযোগ সড়কের একটি অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে এবং পাশের মাটি সরে গিয়ে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হলেও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে শঙ্কা কাটেনি। ?দরগাপুর কলেজিয়েটের প্রভাষক শেখ আশিক বলেন, সেতুটির দুরবস্থা নিয়ে বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্থানীয় প্রশাসনসহ পাইকগাছা ও আশাশুনি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত নতুন সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। তিনি আরও জানান, বর্তমানে স্থানীয় শ্রমিক ও ছোট পরিবহন চালকরা নিজেদের অর্থায়নে কোনোমতে জোড়াতালি দিয়ে পারাপারের মতো পরিবেশ তৈরি করে রেখেছেন, যা সব মিলিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত পুরোনো সেতু ভেঙে নতুন ও আধুনিক সেতু নির্মাণের দাবি জানিয়ে দরগাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল বলেন, গুরুত্বপূর্ণ দুটি জেলার সংযোগস্থলের এই বাঁকা সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পুরোনো সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ করা অত্যান্ত জরুরি হয়ে পড়েছে। বাঁকা বাজারে কাঁচামাল ব্যবসায়ী খোকন বলেন, সাতক্ষীরা ও খুলনা জেলার হাজার হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাঁকা বাজার সেতুটি নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, বিষয়টি শুনেছি, ব্রীজটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। খুলনার পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াসিমুজ্জামান বলেন, বড় ধরনের সেতু বা ব্রীজ সংস্কার কিংবা নতুন করে নির্মাণ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিষয়। ইতিমধ্যে তারা ব্রীজের ধসে যাওয়া মাটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। এছাড়া জনসাধারণের ঝুঁকি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা যায় সেটি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।