নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে অনলাইন জুয়ায় আসক্ত আজিম উদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন তার বাবা-মা। জুয়ার টাকার জন্য প্রতিনিয়ত ঘরের আসবাবপত্র ভাঙচুর ও মাকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধ পিতা ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে রোববার ছেলে আজিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে আসামি আজিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, তিনি পেশায় একজন দিনমজুর। তার ছেলে আজিম কোনো কাজকর্ম করেন না। কিছুদিন ধরে আজিমের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। সে ঘরের দরজা বন্ধ করে একাকী সময় কাটায় এবং সবসময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। পরে তিনি ও তার স্ত্রী বিউটি বেগম খোঁজ নিয়ে নিশ্চিত হন আজিম অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন। জুয়ার খরচ চালাতে আজিম প্রতিনিয়ত বাবা-মায়ের কাছে দৈনিক ১ হাজার টাকা দাবি করে আসছিল। টাকা দিতে না চাইলে সে সহিংস আচরণ শুরু করে। গত ১৫ জুলাই বিকেলে আজিম পুনরায় টাকা দাবি করলে তার পিতা অসহায়ত্ব প্রকাশ করে বলেন, কোথায় পাবো টাকা? তুই তো আমাদের জীবন শেষ করে দিলি। এ কথা শোনামাত্রই আজিম ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করেন। মা বিউটি বেগম বাধা দিতে গেলে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। একপর্যায়ে আজিম ঘরের বাক্সে রাখা ৫ হাজার টাকা চলে যায়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।