যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(৩) ধারা অনুযায়ী সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসানকে ৩১ জুলাই ২০২৬ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় যেমন বিশ্ব র?্যাঙ্কিংয়ে তার সুনাম ও অবস্থান ক্রমাগত সুদৃঢ় করছে, তেমনি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকেও উৎকর্ষতার অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি, এ বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা, নেতৃত্ব ও সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। সে লক্ষ্য বাস্তবায়নে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি আমার সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও সক্ষমতা দিয়ে কাজ করে যাব।’