. প্রেস বিজ্ঞপ্তি : মানবাধিকার সংগঠন রাইটস যশোরের আয়োজনে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কর্মসূচির আওতায় সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাইটস যশোরের কনফারেন্স রুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলার বিভিন্ন এলাকার ২০ জন সারভাইভার লিডার অংশগ্রহণ করে মানব পাচার প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে মতামত ও শেখার বিষয়গুলো তুলে ধরেন। দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আশ্বাস’ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সুপ্তি দিব্রা বলেন, “আপনারা সবাই সারভাইভার লিডার। মানব পাচার প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা আপনাদের চেয়ে ভালো আর কারও জানা নেই। তাই প্রকল্পের আওতায় পরিচালিত কার্যক্রমগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।” তিনি আরও বলেন, যথাযথ নিয়ম ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন না করে কেউ যেন বিদেশে যাওয়ার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেয়, সে বিষয়ে সারভাইভার লিডারদের নিজ নিজ এলাকায় সচেতনতা সৃষ্টিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এর আগে দিনব্যাপী কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ‘আশ্বাস’ প্রকল্পের ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম। বিভিন্ন সেশন পরিচালনা করেন রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের সাইকো-সোশ্যাল কাউন্সেলর তাহমিনা আক্তার, তথ্য কর্মকর্তা ও প্রকল্পের সোশ্যাল মবিলাইজার বজলুর রহমান এবং মনিটরিং অফিসার প্রকাশ স্বর। সভায় সারভাইভার লিডারদের মধ্য থেকে বক্তব্য দেন শরীফা ইয়াসমিন, সোনিয়া বেগম, লাভলী বেগম, স্বপ্না সুলতানা ও সাদেকুর ইসলামসহ অন্যরা। তারা নিজেদের অভিজ্ঞতা, অর্জিত শিক্ষা এবং মানব পাচার প্রতিরোধে ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। কর্মসূচির একপর্যায়ে সারভাইভার লিডাররা নিজেদের মধ্যে সমন্বয় আরও জোরদার এবং দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ‘আপনজন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম ঘোষণা করেন। সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে প্রতি মাসে তিনজন লিডার একত্রিত হয়ে প্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং প্রতি দুই মাস পরপর সকল লিডার একসঙ্গে মিলিত হয়ে অভিজ্ঞতা ও অগ্রগতি পর্যালোচনা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কর্মসূচির আওতায় আয়োজিত এ সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন এবং নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। সমগ্র কর্মসূচি সঞ্চালনা করেন রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের সোশ্যাল মবিলাইজার বজলুর রহমান।