বিল্লাল হোসেন : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন আইসিইউ চালুর পথে অগ্রগতি হয়েছে। সোমবার (৯ নভেম্বর) থেকে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) লিফট চতুর্থ তলা পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তবে এ কাজের জন্য আগামী দেড় থেকে দুই মাস লিফট বন্ধ থাকবে। এ সময় সিসিইউতে ভর্তি রোগীদের হুইলচেয়ার ও স্ট্রেচারে করে তিন তলায় আনা-নেওয়া করতে হবে। লিফটের কাজ শেষ হলে চালুর সুযোগ তৈরি হবে ১০ শয্যার আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ২০ শয্যার আইসোলেশন ইউনিট। পাশাপাশি পুরোনো আইসিইউ ভবনে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুরও পরিকল্পনা রয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আগে সিসিইউ ভবনের লিফটের সুবিধা ছিল তৃতীয় তলা পর্যন্ত। কিন্তু নতুন আইসিইউ ও আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে চতুর্থ তলায়। ফলে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকলেও লিফটের সীমাবদ্ধতায় ইউনিট দুটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ২০২৩ সালের ১৪ নভেম্বর নতুন আইসিইউ ও আইসোলেশন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে ১০ শয্যার আইসিইউ এবং ২০ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনের জন্য রয়েছে পৃথক কক্ষ। পাশাপাশি অক্সিজেন, নেবুলাইজার, ভেন্টিলেটরসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে। নতুন আইসিইউতে মুমূর্ষু রোগীদের শ্বাস-প্রশ্বাসের জন্য ভেন্টিলেটর, অটোমেটিক সিরিঞ্জ পাম্প ও কার্ডিয়াক মনিটর স্থাপন করা হয়েছে। পালস, রক্তচাপ, অক্সিজেনের মাত্রা ও ইসিজি পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতি মিনিটে ৬০ থেকে ৮০ লিটার অক্সিজেন সরবরাহের জন্য রয়েছে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা। এ ছাড়া শ্বাসনালি পরিষ্কারের জন্য সাকার মেশিন, শ্বাস-প্রশ্বাসে সহায়তার জন্য বাইপেপ ও সিপেপ এবং জরুরি অবস্থায় হৃদ্?যন্ত্র সচল করতে ডিফিব্রিলেটর রয়েছে। প্রতিটি শয্যার বিপরীতে সেন্ট্রাল অক্সিজেন, ভ্যাকিউম ও এয়ার লাইনের সংযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আধুনিক চিকিৎসাসেবার উপযোগী করেই ইউনিটটি প্রস্তুত করা হয়েছে। হাসপাতালের প্রশাসনিক সূত্র জানায়, করোনা পরিস্থিতির অবনতি হলে ২০২১ সালের নভেম্বর মাসে পুরোনো মহিলা সার্জারি ওয়ার্ডে পাঁচ শয্যার একটি আইসিইউ চালু করা হয়। পরে করোনা রোগীর সংখ্যা কমে এলে সাধারণ রোগীদেরও আইসিইউ সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোগীর চাপ বাড়ায় পুরোনো ভবনে আইসিইউ পরিচালনা কঠিন হয়ে পড়ে। এ কারণে সিসিইউ ভবনের চতুর্থ তলায় নতুন আইসিইউ ও আইসোলেশন ইউনিট প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি জানান, লিফট চালু হলেই নতুন ১০ শয্যার আইসিইউ ও আইসোলেশন ইউনিটের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এতে রোগীরা সরকারি ব্যবস্থাপনায় স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, সিসিইউ ভবনের লিফট আগে তৃতীয় তলা পর্যন্ত চালু ছিল। এ কারণে চতুর্থ তলায় প্রস্তুত করা নতুন আইসিইউ ও আইসোলেশন ইউনিট চালু করা সম্ভব হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হস্তক্ষেপে ৯ নভেম্বর থেকে লিফট চতুর্থ তলা পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ করতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। তিনি আরও জানান, লিফট সম্প্রসারণের কাজের জন্য আগামী দেড় থেকে দুই মাস লিফট সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় সিসিইউতে ভর্তি রোগীদের হুইলচেয়ার ও স্ট্রেচারে করে তিন তলায় আনা-নেওয়া করতে হবে। নতুন আইসিইউ চালু হলে পুরোনো আইসিইউ ভবনে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে। লিফট বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি রোগী, স্বজনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।