বিল্লাল হোসেন : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন স্বজনের জন্য ওষুধ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক নারী। অসহায় রোগীর স্বজনকে সহযোগিতার আশ্বাস দিয়ে ওষুধের দোকানে নিয়ে যাওয়ার পর প্রকৃত দামের কয়েক গুণ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। মাত্র ৩৫৫ টাকার ওষুধের দাম নেওয়া হয়েছে ২ হাজার ৩০০ টাকা। পরে পুলিশের হস্তক্ষেপে ১ হাজার ৭০০ টাকা ফেরত পেলেও বাকি টাকা ফেরত পান ভুক্তভোগী। এ ঘটনায় হাসপাতালের সামনে রোগীর স্বজনদের টার্গেট করে সক্রিয় কথিত দালালচক্রের তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শাহনাজ পারভীন যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। ভুক্তভোগী শাহনাজ জানান, রোববার রাত ১২টার দিকে অসুস্থ মিজানুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। স্বামীর চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন শাহনাজ রাত ১টার দিকে প্রয়োজনীয় ওষুধ কিনতে হাসপাতালের বাইরে আসেন। গভীর রাতে পরিচিত কোনো ওষুধের দোকান না পেয়ে তিনি বিপাকে পড়েন। এ সময় আসাদ নামে এক ব্যক্তি তার কাছে এগিয়ে আসেন। ওষুধের দোকান খোলা আছে এবং প্রয়োজনীয় ওষুধ পেতে সহযোগিতা করবেনএমন আশ্বাস দিয়ে আসাদ তাকে হাসপাতালের সামনের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে চারটি ইনজেকশন ও চারটি ট্যাবলেট দেওয়া হয়। ওষুধের দাম পরিশোধ করতে চাইলে তাকে বলা হয়, আগে ওষুধ নিয়ে যান, সকালে টাকা দিয়েন। অসুস্থ স্বামীর চিকিৎসার প্রয়োজনে সহযোগিতার আশ্বাসে আস্থা রেখে ওষুধ নিয়ে চলে যান শাহনাজ। কিন্তু পরদিন সকালে তার কাছ থেকে ওষুধের দাম বাবদ নেওয়া হয় ২ হাজার ৩০০ টাকা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে অন্য একটি ফার্মেসিতে গিয়ে একই ওষুধের দাম জানতে চান তিনি। সেখানেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানতে পারেন, চারটি ইনজেকশন ও চারটি ট্যাবলেটের মোট দাম মাত্র ৩৫৫ টাকা। এমনকি প্রেসক্রিপশনে লেখা প্রতিটি ইনজেকশনের দাম মাত্র ৯ টাকা। ৩৫৫ টাকার ওষুধের বিপরীতে শাহনাজের কাছ থেকে নেওয়া হয়েছে ২ হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত ১ হাজার ৯৪৫ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এক সাংবাদিকের মাধ্যমে পুলিশকে অবহিত করেন শাহনাজ। পরে পুলিশের হস্তক্ষেপে সোমবার রাতে তাকে ১ হাজার ৭০০ টাকা ফেরত দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, যশোর জেনারেল হাসপাতালের সামনের কয়েকটি ওষুধের দোকানকে কেন্দ্র করে একটি কথিত দালালচক্র সক্রিয় রয়েছে। হাসপাতালের সামনে অবস্থান করে তারা রোগী ও স্বজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে। বিশেষ করে গভীর রাতে কিংবা জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে আসা স্বজনদের টার্গেট করা হয় বলে অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, প্রথমে সহযোগিতার মনোভাব দেখিয়ে রোগীর স্বজনদের সঙ্গে সখ্য তৈরি করে চক্রের সদস্যরা। কেউ ওষুধের দোকান খুঁজছেন দেখলে এগিয়ে গিয়ে দোকান দেখিয়ে দেওয়া, ওষুধ কিনে দেওয়ার আশ্বাস কিংবা দ্রুত ওষুধ সংগ্রহ করে দেওয়ার কথা বলে তাদের নির্দিষ্ট ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে রোগীর স্বজনের বিশ্বাস অর্জন করে ওষুধ সরবরাহের পর অতিরিক্ত দাম আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, হাসপাতালের পরিবেশে একজন রোগীর স্বজন এমনিতেই মানসিক চাপে থাকেন। বিশেষ করে সিসিইউ, আইসিইউ কিংবা জরুরি বিভাগে রোগী ভর্তি থাকলে স্বজনদের কাছে সময়ের চেয়ে রোগীর চিকিৎসাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সুযোগকেই কাজে লাগায় কথিত প্রতারকরা। ওষুধের প্রকৃত দাম যাচাই করার সুযোগ বা মানসিক অবস্থা না থাকায় অনেকেই অতিরিক্ত টাকা দিয়েও বিষয়টি বুঝতে পারেন না। আরও অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে রোগীর স্বজনদের কাছে নিজেদের হাসপাতালসংশ্লিষ্ট বা সহযোগী হিসেবে পরিচয় দিয়ে আস্থা অর্জনের চেষ্টা করা হয়। পরে নির্দিষ্ট দোকানে নিয়ে গিয়ে ওষুধ কিনতে উৎসাহিত করা হয়। ফলে রোগীর স্বজনরা দোকান নির্বাচন কিংবা ওষুধের দাম যাচাই করার সুযোগ পান না। তবে এসব অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, হাসপাতালের সামনে দালালদের এমন তৎপরতা নতুন নয়। বিভিন্ন সময়ে রোগীর স্বজনদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, ওষুধ কিনতে সহযোগিতার নামে হয়রানি এবং নির্দিষ্ট দোকানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও এসব কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়নি। ফলে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠেছে, সরকারি হাসপাতালের প্রধান ফটকের আশপাশে যদি রোগীর স্বজনদের সহযোগিতার নামে প্রতারণার ঘটনা ঘটে, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি কতটা কার্যকর? হাসপাতালের সামনে কারা রোগীর স্বজনদের ঘিরে ধরছে, কারা ওষুধের দোকানে নিয়ে যাচ্ছে এবং ওষুধের প্রকৃত দামের চেয়ে কয়েক গুণ টাকা আদায়ের অভিযোগের পেছনে কারা জড়িত এসব বিষয় খতিয়ে দেখা জরুরি। একজন মানুষ যখন স্বজনের জীবন বাঁচাতে হাসপাতালের বারান্দায় ছুটছেন, তখন তার পাশে দাঁড়ানোর কথা যাদের, তাদেরই কেউ যদি সহযোগিতার মুখোশ পরে প্রতারণার ফাঁদ পাতেন, তা অত্যন্ত উদ্বেগজনক। শাহনাজের ঘটনা কি বিচ্ছিন্ন, নাকি হাসপাতালের সামনে এমন আরও প্রতারণার ঘটনা ঘটছে? বিষয়টি অনুসন্ধান করে কথিত দালালচক্র ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য জুয়েল রানা জানান, দালাল চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। তাদের প্রতারণার বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ গ্রহণ করা হবে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ভুক্তভোগী শাহনাজ পারভীনের অভিযোগের ভিত্তিতে ১ হাজার ৭০০ টাকা ফেরত দিতে বাধ্য করা হয়েছে। দালাল আসাদ ও ফার্মেসি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।