বাবুল আক্তার, চৌগাছা : পৃথিবীর সৌন্দর্য কখনো চোখে দেখেনি। দেখেনি প্রিয়জনের মুখ, সবুজ প্রকৃতি কিংবা রঙিন পৃথিবী। জন্ম থেকেই অন্ধ। কিন্তু চোখের আলো না থাকলেও তার রয়েছে অসাধারণ স্মরণশক্তি, শ্রবণশক্তি ও স্পর্শের মাধ্যমে চেনার বিস্ময়কর ক্ষমতা। মোটরসাইকেলে হাত দিয়েই বলে দিতে পারে কোম্পানি ও মডেল। ঘড়িতে স্পর্শ করে জানিয়ে দেয় সময়। টাকার নোট কিংবা কয়েন হাতে নিয়ে বলে দিতে পারে তার মূল্য। এমনকি কোনো মানুষের কণ্ঠ একবার শুনলেই পরবর্তী সময়ে সেই কণ্ঠ শুনে চিনে নিতে পারেন তাকে। বলছি জন্ম অন্ধ হাফেজ আরিফ হাসানের (৩৫) এর কথা। যশোরের চৌগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত রিজাউল ইসলামের ছেলে সে। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট আরিফ। জন্ম থেকেই দৃষ্টিহীন। তবে তার রয়েছে মেধা ও অসাধারণ স্মরণশক্তি। অরিফের বিষ্ময় স্মরণ শক্তি ছোটবেলাতেই বুঝতে পেরেছিলেন তার বাবা। তাই ছেলের প্রতিভা বিকাশের আশায় তাকে ভর্তি করেন যশোর অন্ধ হাফেজি মাদ্রাসায়। সেখানে অধ্যয়ন করে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে আরিফ। দৃষ্টিহীনতা তার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। জীবনের পথচলায় আরিফ সংসারও গড়েছেন। ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামের আশরাফের মেয়ের সথে তার বিয়ে হয়। তাদের সংসারে তিন মেয়ে। বড় মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। মেজ মেয়ে পড়ে প্রথম শ্রেণিতে। আর ছোট মেয়ের স্কুলে যাওয়ার বয়স হয়নি বলে জানায় অরিফ। তবে অসাধারণ প্রতিভা থাকলেও জীবনসংগ্রামে প্রতিনিয়ত বাধার মুখে পড়তে হয় আরিফকে। সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়ায় তার কোনো স্থায়ী কর্মসংস্থান নেই। জীবিকার তাগিদে প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বেড়ান। মানুষের সহযোগিতা ও সাহায্যেই চলে তার সংসার। নিজের পাশাপাশি স্ত্রী ও তিন সন্তানের দায়িত্বও বহন করতে হয় তাকে। জীবনের এত সীমাবদ্ধতা, অনিশ্চয়তা ও কষ্টের মধ্যেও আরিফের কণ্ঠে নেই কোনো অভিযোগ। সৃষ্টিকর্তার প্রতি তার অগাধ বিশ্বাস। মানুষের প্রতিও নেই কোনো ক্ষোভ। বরং যা পেয়েছেন, তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। তবে মনের গভীরে রয়েছে একটি বিশেষ স্বপ্ন। আরিফের প্রচণ্ড ইচ্ছা, জীবনে একবারের জন্য হলেও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে যাওয়ার। নিজের অসাধারণ স্মরণশক্তি, শ্রবণশক্তি ও স্পর্শের মাধ্যমে চেনার বিস্ময়কর ক্ষমতা সবার সামনে তুলে ধরতে চান তিনি। আরিফের জীবন যেন এক নীরব বার্তা দিয়ে যায়, দৃষ্টিশক্তি না থাকলেই মানুষ অক্ষম হয়ে যায় না। মানুষের মেধা, ইচ্ছাশক্তি ও প্রতিভা অনেক সময় চোখের দৃষ্টিকেও হার মানায়। তবে প্রতিভাবান এই মানুষটির প্রয়োজন শুধু মানুষের সহানুভূতি নয়, প্রয়োজন সম্মানজনক কর্মসংস্থান ও স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার একটি সুযোগ। পাশাপাশি তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে ‘ইত্যাদি’র মঞ্চে একবার যাওয়ার সুযোগ করে দেওয়া হলে সেটি হতে পারে তার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। যে মানুষটি স্পর্শ দিয়ে চিনে নিতে পারেন পৃথিবীর নানা পরিচয়, তার জীবনটিও যেন হারিয়ে না যায় মানুষের অবহেলার অন্ধকারে।