নিজস্ব প্রতিবেদক : দলের অভ্যন্তরীণ সমস্যা ও সংকট দূর করে জাতীয় যুব সংহতিকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগের নেতৃবৃন্দ। এ জন্য নিজেদের মধ্যে থাকা রাগ-অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধ্য ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ্য প্রচেষ্টায় সংগঠনটি আবারও আগের মতো গতিশীল হয়ে উঠবে। শনিবার দুপুরে যশোর জেলা জাতীয় পার্টির গোহাটা রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা. সৈয়দ আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব রাহুল দেব মণ্ডল। বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মশিউর রহমান বাবু ও অ্যাডভোকেট নাসিমা খাতুন। বিশেষ বক্তা ছিলেন আবু তালেব ও বিএম রশিদ। জাতীয় যুব সংহতির খুলনা বিভাগীয় সদস্য ইদ্রিস আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন এবং সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফসিয়ার রহমান। সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।