নিজস্ব প্রতিবেদক : পতিত আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের মণিহার এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট খুনিদের বিচারপ্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে কিংবা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালে কোনো আপস করা হবে না। অগ্নিসন্ত্রাসও বরদাশত করা হবে না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ দেড় যুগের গণতান্ত্রিক আন্দোলন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পায়। জনগণের ভোটে নির্বাচিত সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সেতুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।